চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ফেলে কর্ণফুলী নদীতে দূষণের দায়ে চট্টগ্রামে দুটি শিল্প প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার নগরীর কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত বেইস টেক্সটাইল মিলস লিমিটেড ও রীফ লেদার লিমিটেডকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান চালিয়ে বেইস টেক্সটাইলকে ৩২ লাখ টাকা এবং রীফ লেদারকে ৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদীতীরে গড়ে ওঠা বেইস টেক্সটাইলকে অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশ ছাড়পত্র গ্রহণ এবং বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনের নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে দূষিত তরল বর্জ্য খাল ও স্থানীয় বিলে ফেলে নদী দূষণ করে আসছিল।
তিনি আরও জানান, পরিশোধন ছাড়া কারখানা থেকে বের হওয়া তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করে এর পিএইচ নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি পাওয়া য়ায়। এছাড়া কারখানা থেকে প্রতিদিন এক লাখ ঘনমিটার অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য নির্গত হচ্ছে, যা নদীর পানি দূষিত করছে।
এছাড়া একই এলাকার রীফ লেদারে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট অকার্যকর থাকায় নদী দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় বলে মুনীর চৌধুরী জানান।
প্রতিষ্ঠান দুটিকে অবিলম্বে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন ও তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯২৭ ঘ.
bdnews24