নরসিংদী, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর মনোহরদী উপজেলায় ডাকাত সন্দেহে করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
রোববার গভীর রাতে উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের পরিচয় জানা যায়নি।
মনোহরদী থানার ওসি মিয়া কুতুবুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, ১৬-১৭ জনের একটি দল ওই গ্রামে ঢুকলে স্থানীয় পাহারাদার তাদের সন্দেহ করে এবং ডাকাত ডাকাত বলে চিৎকার দেয়।
চিৎকার শুনে আশপাশের লোকজন দলটিকে ধাওয়া করে। এক পর্যায়ে একজন হোচট খেয়ে পড়লে তাকে আটক করে পেটায় এলাকাবাসী।
ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে মনোহরদী থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24