২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার-টেকনাফ সড়কে পরিবহন ধর্মঘট

চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে কক্সবাজার-টেকনাফ সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে কক্সবাজারের পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 01:12 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

কক্সবাজার, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে কক্সবাজার-টেকনাফ সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে কক্সবাজারের পরিবহন শ্রমিকরা। রোববার সকাল থেকে এই সড়কে সকল ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার থেকে বৃহত্তর চট্টগ্রামের ১৯টি সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে বলেও জানিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সন্ধ্যা ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসক বৈঠক করছেন। পরিষদ নেতা ও কক্সবাজার ট্রাক মালিক গ্র"পের সভাপতি নঈমুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সব ধরনের পরিবহণ এই ধর্মঘটের আওতায় রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘট পালন করছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, তাদের ছয় দফা দাবি মধ্যে রয়েছে- কক্সবাজার জেলা ট্রাক-মিনিট্রাক মালিক-শ্রমিক যৌথ ঐক্য পরিষদের টেকনাফ কার্যালয় দখলকারীদের হাত থেকে উদ্ধার, টেকনাফে যানবাহন থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, গত ১৬ অগাস্ট কক্সবাজারের জেলা প্রশাসনের সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন, চট্টগ্রামের পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ভাড়াচালিত মাইক্রোবাস, নসিমন, ভটভটি ও টুকটুকিসহ অবৈধভাবে চলাচলকারী যান বন্ধ ও মহাসড়ক যানজটমুক্তকরণ। তিনি বলেন, এসব দাবি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। বিকালের মধ্যে সমাধান করতে না পারলে ধর্মঘট চলবে। পরিবহন নেতা ও ট্রাক মালিক গ্র"পের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান জানান, সরকার দলীয় একটি সিন্ডিকেট টেকনাফ ও টেকনাফ স্থল বন্দরে পরিবহন ব্যবসাকে জিম্মি করে রেখেছে। টেকনাফ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়টিও ওই সিন্ডিকেট দখল করে নিয়েছে। টেকনাফ স্থল বন্দরে ওই সিন্ডিকেট নির্ধারিত সিরিয়াল প্রথা বাতিল করে শুধুমাত্র টেকনাফ এলাকার মালিকানাধীন যানবাহনকেই পণ্য পরিবহনের সুযোগ করে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। টেকনাফ ট্রাক ও মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি দিদার হোসেন দাবি করেন, কোথাও পরিবহন ধর্মঘট হচ্ছে না। সবকিছু ঠিকই চলছে। টেকনাফ স্থলবন্দরের পণ্য পরিবহণ করা হচ্ছে। তিনি বলেন, কারো ব্যক্তিগত স্বার্থে ধর্মঘট হতে পারে না। তারা এই ধর্মঘট মানেন না। দিদার আরো বলেন, শুধুমাত্র টেকনাফের চাঁদার টাকার ভাগের জন্যই এই ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট আহ্বানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। কক্সবাজার টেকনাফ সড়কে চলাচলকারী ইনানি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলাম জানান, যাত্রীবাহী কোনো গাড়িই চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাদের সার্ভিসও বন্ধ। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি জানান, শুধুমাত্র ট্রাক ধর্মঘট চলছে, সব পরিবহন নয়। সকালের দিকে যাত্রীবাহী গাড়ি বন্ধ থাকলেও পরে যাত্রাবাহী পরিবহন চলছে বলে তিনি শুনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.