কুষ্টিয়া, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ায় ব্যবসায়ী দুই ভাইকে অপহরণের সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত হয়েছে দুজন।
হাতে তৈরি চারটি তাজা বোমাসহ আরো একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার আইলচারা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- জেলার মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের সমির উদ্দিন (৩৮)।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- শরীফুল শেখ (২৫)।
কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানান, নিহত দুজন ও গ্রেপ্তারকৃত ব্যক্তি চরমপন্থী সংগঠন গণবাহিনীর সক্রিয় সদস্য।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার আইলচারা গ্রামের দুই সহোদর মীর মিরাজুল ইসলাম হিটু (২৭) ও মতিউল হক টিটু (২৯) পোড়াদহ কাপড়ের হাট থেকে শনিবার রাত ১২ টার দিকে বাড়ি ফিরছিলেন।
তারা আইলচারা গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ১২-১৩ জনের একদল অপহরণকারী অস্ত্রের মুখে তাদের অপহরণের চেষ্টা চালায়।
বিষয়টি টের পেয়ে এলাকাবাসী অপহরণকারী চক্রকে ধাওয়া করে। এক পর্যায়ে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার নলখোলা নামক মাঠের মধ্যে দুই অপহরনকারীকে এলাকাবাসী ধরে ফেলে এবং পেটায়।
এতে ঘটনাস্থলেই মারা যান সমির ও তার সহযোগী।
খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হাতে তৈরি চারটি বোমাসহ শরীফুলকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।
কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, রোববার সকালে নলখোলা মাঠের একটি কলা বাগানের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24