২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 05:38 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

বাগেরহাট, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বনগ্রামে এই সংঘর্ষ হয়। আহত আমেনা বেগম (৪০), বেল্লাল শেখ (৪৫), ইসলাম শেখ (৬০), রসুল শেখ (৩৫), চাঁন শেখ (২৫), আব্দুস সালাম শেখ (৩৬) ও কোমেলা বেগমকে (৪৫) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আবুল কালাম (৪০), আনসার শেখ (৪৫), স্বরূপজান বিবি (৭২), আকুল শেখকে (১৭) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের সবার বাড়ি উপজেলার বনগ্রাম ও মোহনপুর গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন আমেনা বেগম জানান, তাদের বাড়ির পাশে পুঁটিয়া কাউখালী খালের ওপর একটি কাঠের সেতু আছে। কিছুদিন আগে মোহনপুর গ্রামের রুহুল শেখ তার ধান বোঝাই ভ্যান নিয়ে পারাপারের সময় সেতুটি ভেঙে যায়। এ নিয়ে আমেনার সঙ্গে রুহুল শেখের কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার সকাল দশটার দিকে ১০-১২ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমেনাদের বাড়িতে হামলা চালায়। তাদের সাহায্য করতে এলে প্রতিবেশীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়। মোরেলগঞ্জ থানার ওসি মো. আব্দুল খালেক জানান, সংঘর্ষের খবর তিনি শুনেছেন। তবে কেউ এ বিষয়ে অভিযোগ নিয়ে আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.