ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনা মডেল থানা এলাকায় আয়েশা শপিং কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ জাল ড্রাইভিং লাইসেন্স, মোটরযান সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন ফরম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
এসময় আখতারুজ্জামান ফিরোজ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সে এই জালিয়াত চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের অপরাধ তথ্য বিভাগের (দক্ষিণ) সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল রমনার ৮৫ নিউ সারকুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সে অভিযান চালায়।
তিনি জানান, এ ভবনের পঞ্চম তলার চার নম্বর কক্ষে তল্লাশি করে বিভিন্ন ধরনের নকল সনদ ও পরিচয়পত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এগুলোর মধ্যে রয়েছে একটি মনিটর, একটি সিপিইউ, দুটি প্রিন্টার, একটি স্ক্যানিং মেশিন, সাতটি নকল ড্রাইভিং লাইসেন্স, এক প্যাকেট ড্রাইভিং লাইসেন্সের সাদা প্লাস্টিক কার্ড, ৪০টি একপাশে ছাপা ড্রাইভিং লাইসেন্স, ১৫টি ফাঁকা প্লাস্টিকের কার্ড, ২০টি ট্যাক্স টোকেন, পাঁচটি কর্ণফুলী ইন্স্যুরেন্স বন্ড, পাঁচটি রেজিস্ট্রেশন ফর্ম, পাঁচটি কর পরিশোধের সনদপত্র, তিনটি পরিবহনের রুট পারমিট, ১২টি ফিটনেস সার্টিফিকেট ফরম, বিপুল পরিমাণ জন্ম নিবন্ধন ফরম ও জাতীয় পরিচয় পত্র এবং বিভিন্ন প্রকার রাবার সিল প্যাড।
মো. আসাদুজ্জামান বলেন, "উন্নত প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন ধরে জাল ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ফরম ও মোটরযানের যাবতীয় কাগজপত্র প্রস্তুত করে নিজেদের চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে বিক্রির কথা গ্রেপ্তারকৃত ফিরোজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।"
তিনি জানান, এ চক্রের আরেক সদস্য মোস্তফাকে আগেই গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মোস্তফার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে আয়েশা শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কিউএইচ/কেএমএস/১৬২৫ ঘ.
bdnews24