সাতক্ষীরা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেলের চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দুপুর ১২ টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের বংশিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কৈখালি গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (২৩) ও আব্দুল হাকিমের ছেলে জহুর আলী (২৪)।
শ্যামনগর থানার ওসি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে হাবিবুরের ভাড়ায় চালিত মোটর সাইকেলে উপজেলা সদর থেকে জহুর আলী ভেটখালি বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়।
বংশিপুর নামক স্থানে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক হাবিবুর ও আরোহী জহুর আলী মারা যান।
ওসি জানান, লাশ দুটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৪০ ঘ.
bdnews24