সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এক বছর পেরিয়ে গেলেও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি নজরুল কমপ্লেক্স।
দশ বছরের চড়াই-উতরাই পেরিয়ে ২০০৯ সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে এই কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ হয়। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে কমপ্লেক্সটি এখনো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হয়নি।
নজরুল জন্মশতবার্ষিকীতে ১৯৯৯ সালের ২৫ মে কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর এক দশক পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে গত বছর ২৬ অগাস্ট তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের আগে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেয়।
কিন্তু এরপর এক বছর পার হলেও শুধুমাত্র জাতীয় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীতেই খোলা হয়েছে কমপ্লেক্সের সদর দরজা। বাকী সময় পুরোপুরি এটা বন্ধ থাকে। একসময় রাতে পাহারা দিতেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম আহমেদ এন্টারপ্রাইজের একজন প্রহরী। বর্তমানে পুরোপুরি অরক্ষিত অবস্থায় রয়েছে কমপ্লেক্স চত্বর। আর এই সুযোগে রাতে দেয়াল টপকে কয়েকজন হকার সেখানে নিয়মিত রাত্রি যাপন করে।
এছাড়া মাদকাসক্তরা প্রায় নিয়মিতই সেখানে আড্ডা দেয় বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত জনবলের অভাবেই কমপ্লেক্সটি দর্শকদের জন্য উন্মুক্ত করা যাচ্ছে না। কয়েকজনকে সেখানে নিয়োগ করা হয়েছে। তবে মালি ও দারোয়ানসহ চতুর্থ শ্রেণীর আরো কয়েকজন কর্মচারী নিয়োগ দেওয়া প্রয়োজন।"
পুরো প্রক্রিয়া শেষ হতে আরো ছয় মাস লাগতে পারে বলে জানান উপ-উপাচার্য।
তবে কী কারণে নিয়োগ প্রক্রিয়ায় এত সময় লাগছে জানতে চাইলে কোনো উত্তর দেননি অধ্যাপক হারুন-অর-রশিদ।
নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম এ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নজরুলের প্রতি আমাদের যে ধরনের মমত্ববোধ থাকা দরকার, কার্যত সেটা নেই। এটিই তার প্রমাণ। শুধু জন্ম আর মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ করলেই হবে না।"
জাতীয় কবির আগামী জন্মবার্ষিকীর আগেই কমপ্লেক্সটি খুলে দেওয়ার দাবি জানান তিনি।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, সারা দেশের নজরুলপ্রেমীদের আবেগের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত এই কমপ্লেক্সটি খুলে দেওয়া উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও চারুকলা অনুষদের মাঝখানের জায়গাটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডা. মো. মোর্তজাসহ নাম না জানা বেশ কয়েকজন শহীদ বুদ্ধিজীবী, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বোস অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত আছেন।
নজরুলের পাশাপাশি অন্যদের সম্মানে কমপ্লেক্সটির নাম দেওয়া হয় 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী ও শিল্পাচার্য সমাধিসৌধ'। সংক্ষেপে 'নজরুল কমপ্লেক্স'। এখানে আলাদা তিনটি তথ্য কেন্দ্র হওয়ার কথা রয়েছে।
১৯৯৯ সালের পর স্থপতি মাযহারুল ইসলামের পরিকল্পনা ও নকশা অনুযায়ী কাজ অনেকদূর এগিয়ে যায়। কিন্তু ২০০১ সালে সরকার পরিবর্তনের পর প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ে।
এরপর বিগত তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে প্রকল্পের কাজ আবার শুরু হয়। ২০০৮ সালের ১২ অগাস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা জেলা পরিষদ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২৪০ ঘ.
bdnews24