২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে উত্ত্যক্ত: অভিযোগ করায় অভিভাবককে হুমকি

মাগুরার শ্রীপুর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

মাগুরা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার শ্রীপুর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। তার বাবা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। উপজেলার চিলাগাড়ি গ্রামের অনন্ত কুমার রায় সাংবাদিকদের বলেন, তার মেয়ে শ্রীপুর মহেশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট পড়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে হোগলডাঙ্গা গ্রামে চেনির উদ্দিন বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাস (৩২), সোহরাফ হোসেনের ছেলে সবুজ হোসেন (৩৫) ও রশিদ খলিফার ছেলে রাশিদুলসহ (৩৩) ৫-৬ বখাটে তাকে ঘিরে ধরে। তারা রাস্তার পাশের মাঠে নিয়ে মেয়ের জামা ও ওড়না ধরে টানাটানি করে। সে চিৎকার করে কেঁদে উঠলে ওই বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় তার মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান অনন্ত। তিনি জানান, ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের কাছে ছুটে যান তিনি। প্রধান শিক্ষক একটি অভিযোগপত্র লিখে তাকে সন্ধ্যায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠান। ইউএনও মিনা মাসুদুজ্জামান দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শ্রীপর থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু বখাটেদের পক্ষ নিয়ে এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন অনন্ত। তিনি আরো অভিযোগ করেন, ক্ষমতাসীন দলটি স্থানীয় নেতাদের নিয়ে মীমাংসার কথা বলে তাকে শ্রীপুর সদরে যাওয়ার জন্য এবং অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক জানান, অভিযোগ পাওয়ার পর বখাটেদের গ্রেপ্তারে কয়েকবার তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে বলেও জানান তিনি। গত ৪ অগাস্ট একই উপজেলার চরমহেশপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ঘষিয়াল গ্রামের মনোজিত সমাদ্দারের মেয়ে পূর্ণিমা সমাদ্দারকে বাড়ি ফেরার পথে তিন বখাটে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.