নরসিংদী, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করে টাকা নিয়ে লুট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরে উপজেলার খড়িয়া বাজারের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন ব্যবসায়ী মকবুল হোসেন (২৬)।
দুর্বৃত্তরা তার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
মাধবদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মকবুল প্রতিদিন রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাছ কিনে এনে খড়িয়া বাজারে বিক্রি করতেন।
শুক্রবার ভোরে প্রতিদিনের মত তিনি মাছ কিনতে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। খড়িয়া বাজার পার হওয়ার পর একদল ছিনতাইকারী তার রিকশা আটকায়। বাধা দিলে তাকে হত্যা করে লাশ একটি ধান ক্ষেতে ফেলে রেখে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মকবুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় মামলা হয়েছে বলে জানান এসআই আজিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24