২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে আবারো বৈদেশিক মুদ্রা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার এক কোটি ৩২ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ সিঙ্গাপুরগামী এক যাত্রী গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 06:09 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার এক কোটি ৩২ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ সিঙ্গাপুরগামী এক যাত্রী গ্রেপ্তার হয়েছে। এগুলোর মধ্যে ইউরোসহ সিঙ্গাপুর, ব্রিটেন, সৌদি আরব, জাপান এবং ফ্রান্সের মুদ্রা রয়েছে। সিঙ্গাপুরগামী যাত্রী জুয়েল রানার কাছ থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ নিয়ে এক মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় বারের মতো অবৈধ বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনা ঘটলো। গত ১২ অগাস্ট এক কোটি ৫৭ লাখ টাকা মূল্যমানের নয়টি দেশের মুদ্রাসহ সিঙ্গাপুরগামী বাংলাদেশি যাত্রী সানিকে আটক করা হয়। গোয়েন্দা ও শুল্ক বিভাগের কর্মকর্তারা জানান, জুয়েল রানার ব্যাগ যথারীতি স্ক্যানিং করে বিমানের কন্টেইনারে পাঠিয়ে দেওয়া হয়। পরে বোর্ডিং ব্রীজে তার আচরণে সন্দেহ হওয়ায় ব্যাগটি কন্টেইনার থেকে এনে আবার স্ক্যানিং করলে বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া যায়। শুল্ক ও গোয়েন্দ বিভাগের সুপারিনটেন্ডেন্ট সামসুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুয়েল রানার পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায় এ বছরই তিনি অন্তত ১১ বার সিঙ্গাপুর গেছেন। এতে দায়িত্বরত শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বলেন, এসময় তার কাছে কোনো ব্যাগ নেই বলে জানান জুয়েল। পাসপোর্ট নম্বর দিয়ে কম্পিউটারে পরীক্ষা করলে তার ব্যাগ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। শুল্ক কর্মকর্তা সামসুল ইসলাম আরো বলেন, এসময় জুয়েল তার মোবাইলে কোনো একজনকে ফোন করে 'বস' সম্বোধন করে দায়িত্বরত এক কর্মকর্তাকে কথা বলতে অনুরোধ করে। পরে তার ব্যাগটি কন্টেইনার থেকে এনে আবার স্ক্যানিং করা হলে বৈদেশিক মুদ্রাগুলোর অস্তিত্ব ধরা পড়ে। এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং জুয়েলকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় সোর্পদ করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এজে/১২০০ ঘ.