২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর

ভোলা শহরে সরকার সমর্থক ছাত্রলীগ কর্মীরা এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ভোলা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা শহরে সরকার সমর্থক ছাত্রলীগ কর্মীরা এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ওই ব্যবসায়ীর স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার সকালে শহরের জিলা স্কুলের সামনে হোটেল ব্যবসায়ী মো. আলাউদ্দিনের বাড়িতে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। তবে হামলায় ছাত্রলীগ কর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন সংগঠনের নেতারা। ব্যবসায়ী আলাউদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ কর্মী ইকবাল মাসুমের নেতৃত্বে মনসুর, হাবিব, রূপাসহ ৮-৯ জন ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার একটি টিনের ঘরের বেড়া-চালসহ বিভিন্ন মূল্যবান জিনিস তছনছ করে। বাধা দিতে গেলে তার স্ত্রী স্কুল শিক্ষক ইয়ানুর বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তিনি জানান, দুবছর আগে প্রতিবেশী মাসুম ইকবালের কাছ থেকে চার শতাংশ জমি কিনে সেখানে একটি টিনের ঘর তোলেন তিনি। আলাউদ্দিন আরো জানান, এই ঘটনায় তিনি ইকবাল মাসুমসহ হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পরপর ভোলা থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসআই মশিউর জানান, সন্ধ্যার পর দু'পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমদে শাহীন বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত থাকার কথা নয়। যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.