২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নিহত

রাজশাহীর বাগমারা উপজেলায় মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত এক চরমপন্থী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 06:08 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

রাজশাহী, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত এক চরমপন্থী নিহত হয়েছে। র‌্যাব জানায়, তার নাম এলাহী বখশ ওরফে মিঠু (৩৫)। সে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এমএল লাল পতাকা) সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলো। মিঠু বাগমারা উপজেলার বাজে গোয়ালকান্দি গ্রামের আনিছার রহমানের ছেলে। র‌্যাব-৫ রাজশাহীর বাগমারা ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরমপন্থীরা গোয়ালকান্দি বাজারের পশ্চিম পাশে বাগিচাপাড়া এলাকায় একটি আমবাগানে গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে রাতে পৌণে তিনটার দিকে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে চরমপন্থীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট গোলাগুলির এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে মিঠুর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। র‌্যাব কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগজিন, গুলির খোসা, একটি রামদা, দুটি ধারালো ছুরি, একটি টর্চ লাইট, চাকু এবং চরমপন্থীদের লিফলেট উদ্ধার করা হয়েছে। মিঠুর বিরুদ্ধে বাগমারা ও আত্রাই থানায় ৩ টি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগের ৬/৭টি মামলা রয়েছে। এ ব্যাপারে বুধবার বাগমারা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০২ ঘ.