২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোলাই মদ বহনের দায়ে সাজা

চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদ বহনের অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 04:37 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদ বহনের অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অভিযোগে কয়েকটি দোকান ও কারখানাকে ২৭ হাজার টাকা জরিমানাও করেছে। জব্দ করা হয়েছে প্রায় তিনশ' কিলোগ্রাম চকলেট। চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিরউদ্দীন মাহমুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় আদালতকে সহায়তা করেন, র‌্যাব, পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা (বিএসটিআই), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিসিক কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিরউদ্দীন মাহমুদ সাংবাদিকদের জানান, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগে শহরের আরামবাগ এলাকার সালমা ফুড প্রোডাক্টস নামের একটি কারখানা থেকে তিনশ' কেজি চকলেট জব্দ করা হয়েছে। পরে এগুলো মহানন্দা নদীতে ফেলে ধ্বংস করা হয়। আদালত কারখানা মালিক আকরাম আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। চোলাই মদ বহনের সময় একই এলাকায় আটক করা হয় আজাইপুর মহল্লার রকিবকে (৪২)। মটরসাইকেলে করে পাঁচ লিটার চোলাই মদ নিয়ে যাচ্ছিলেন তিনি। তাৎক্ষণিক বিচারে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠায়। ম্যাজিস্ট্রেট আরো জানান, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আল্লাহ'র দান স্টোর, মোজাম্মেল স্টোর ও হাই স্টোরকে আয়োডিনবিহীন লবন বিক্রির অভিযোগে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পরিমানে কম দেওয়ায় বাবু স্টোরকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিসামগ্রী তৈরির অভিযোগে মাহমুদা বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি জানান, জেলার ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালত ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্যসামগ্রী আটক করেছে। বিভিন্ন দোকান ও কারখানাকে জরিমানা করা হয়েছে সাড়ে ১১ হাজার টাকা। সোমবার বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুহাম্মদ মিজানুর রহমান সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। আদালতকে সহায়তা করে র‌্যাব-৫ ও পুলিশের একটি দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৭ ঘ.