২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ককটেল উদ্ধারের পাঁচ ঘণ্টার মাথায় সোমবার অপর একটি ককটেল বিস্ফোরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 04:29 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ককটেল উদ্ধারের পাঁচ ঘণ্টার মাথায় সোমবার অপর একটি ককটেল বিস্ফোরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাত সাড়ে আটটার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কার্যালয়ের পশ্চিম পাশে ককটেলটি বিস্ফোরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ নাশকতামূলকভাবে এ ঘটনা ঘটাতে পারে।" আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে বলেও জানান প্রক্টর। এর আগে বেলা তিনটার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কার্যালয়ের সামনে লাল রঙের টেপে মোড়ানো একটি ককটেল পাওয়া যায়। পরে শাহবাগ থানা পুলিশের একটি দল পানিতে ভিজিয়ে ওই ককটেল নিস্ক্রিয় করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২২৪ ঘ.