ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রোববার ভূ-কম্পন ও একটি 'বিস্ফোরণের শব্দ' পাওয়ার খবর জানিয়েছে শেভরন। তবে ভূকম্পনের বিষয়টি স্বীকার করেনি আবহাওয়া বিভাগ।
হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে গ্যাস উত্তোলন ও পরিচালনা করছে শেভরন। গ্যাসক্ষেত্রের কমিউনিটি রিলেশন্স ম্যানেজার আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সেন্সরগুলো ভূমিকম্পের আভাস পেয়েছে। একটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।"
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শহিদুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হবিগঞ্জ জেলায় রোববার কোনো ভূমিকম্পের রেকর্ড আমাদের কাছে নেই।"
সোমবার এক বিবৃতিতে শেভরন জানায়, রোববার বিকালে এ গ্যাসক্ষেত্র এলাকায় বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে অবকাঠামোগত কোনো ক্ষতির কথা জানা যায়নি।
এতে আরো বলা হয়, বর্তমানে গ্যাসক্ষেত্রের নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
জুলফিকার বলেন, "গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের কারণ সম্পর্কে আমরা জানি না। তবে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।"
১৯৯৮ সালে আবিষ্কৃত বিবিয়ানা গ্যাসক্ষেত্র আয়তন ও মানের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রগুলোর একটি।
২০০৪ সালে পেট্রোবাংলা ও শেভরনের মধ্যে এ ক্ষেত্রের গ্যাস কেনা- বেচার চুক্তি হয়।
২০০৭ সালে একই প্রতিষ্ঠানের সঙ্গে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদনের জন্য দুই বছর মেয়াদি উন্নয়ন প্রকল্প চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী এ গ্যাসক্ষেত্রের মোট গ্যাসের ৯৮ শতাংশের মালিক শেভরন। বাংলাদেশ সরকার শেভরনের কাছ থেকে ওই গ্যাস কিনে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/পিডি/১৯১২ ঘ.
bdnews24