চট্টগ্রাম, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার অভিযোগে চট্টগ্রামে এক ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার দুপুরে নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ভবন মালিক নুরুন্নবী ভূইয়াকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নরুন্নবী ৪০ ফুট উঁচু একটি পাহাড়ের পাদদেশের অংশ বিশেষ কেটে একতলা একটি ভবন নির্মাণ করেছেন। এতে পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষতি হয়েছে।"
তিনি জানান, তাকে ওই ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে এবং পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর প্রথমবারের মতো চট্টগ্রামে বেআইনিভাবে পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা এই ব্যবস্থা নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/পিডি/১৯৪১ ঘ.
bdnews24