২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সব ধরণের সমাবেশ নিষিদ্ধ

অনুমতি ছাড়া রাজধানীর প্রধান সড়ক ও রাস্তায় যে কোনো ধরণের সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র‌্যালি সোমবার থেকে নিষিদ্ধ করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 08:58 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া রাজধানীর প্রধান সড়ক ও রাস্তায় যে কোনো ধরণের সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র‌্যালি সোমবার থেকে নিষিদ্ধ করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। কমিশনার একেএম শহীদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সড়কে বা রাস্তায় সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র‌্যালি করলে যানজট প্রকট হয় এবং এর ফলে জনদুর্ভোগের মাত্রা বৃদ্ধি পায়। রমজান মাসে এ সমস্যা যেন প্রকট না হয়, জনদুর্ভোগ যেন বৃদ্ধি না হয়, সে লক্ষ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে যানজট একটি বড় সমস্যা। পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে, রাত দিন কঠোর পরিশ্রম করে জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ কমিশনার ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ নং- ৩/৭৬ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৪৫২ ঘ.