২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অস্ত্র, বিস্ফোরক ও জেহাদী বই উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় অস্ত্র, বিস্ফোরক ও জেহাদী বই উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 04:40 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

জয়পুরহাট, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় অস্ত্র, বিস্ফোরক ও জেহাদী বই উদ্ধার করেছে র‌্যাব। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রামের একটি গভীর নলকূপের ঘরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, জেহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। এরমধ্যে রয়েছে- তিনটি পাইপ গান, ৪৫০ গ্রাম বিস্ফোরক দ্রব্য, চারটি রাম দা, তিনটি জেহাদী বই ও আড়াই শতাধিক লিফলেট। উদ্ধার করা বই ও লিফলেটগুলো আল্লাহর দলের নামে লেখা বলে র‌্যাব কর্মকর্তা জানান। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কথিত আঞ্চলিক নেতা মন্তেজার রহমানের বাড়ি এই গ্রামে। এই উত্তর মহেশপুর গ্রামে গত ২০০৩ সালের ১৪ অগাস্ট রাতে জেএমবি নেতা মন্তেজার রহমানের বাড়িতে জঙ্গি ও পুলিশ মধ্যে সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষে জয়পুরহাট সদর থানার ওই সময়ের ওসি ইকবাল শফীসহ সাত পুলিশ সদস্য গুরুতর আহত হয়। জঙ্গিরা পুলিশের দু'টি শর্টগান, একটি ওয়্যারলেস সেট এবং ২৮ রাউন্ড গুলিভর্তি দু'টি ম্যাগজিন লুট করেছিল। গ্রেপ্তার হয়েছিল জেএমবি নেতা আতাউর রহমান সানি, আব্দুল আওয়ালসহ ২১ সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.