সাভার, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন ১৫ জন।
শুক্রবার রাতে ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের সহকারী ফরিদপুর সদর উপজেলার রাসেল (২২), ধামরাইয়ের শ্রীরামপুর গ্রামের আক্কাস আলী (৩০) ও অজ্ঞাত পরিচয় সন্দেহভাজন এক ডাকাত (২৫)।
ডাকাত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- সাভারের ডেন্ডাবর গ্রামের রানা ও মুন্সীগঞ্জের বাবু মিয়া ও আনোয়ার হোসেন।
এদিকে বাসের চালক বজলুর রহমানকে আটক করার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শনিবার সকালে ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে। পরে চালককে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
আহত বাসযাত্রী ধামরাইয়ের রোয়াইল গ্রামের মোহম্মদ আলী জানান, গুলিস্তান থেকে তাদের বসটি মানিকগঞ্জ যাচ্ছিল। সাভার ও নবীনগর বাসস্ট্যান্ড থেকে বাসে যাত্রীবেশে ১০-১২ জন 'ডাকাত' বাসে ওঠে।
বাসটি ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড ছেড়ে কিছুদূর যাওয়ার পর ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মালপত্র লুট করতে থাকে। এতে বাধা দিলে তারা চাপাতি ও দা দিয়ে কোপায়।
এক পর্যায়ে ডাকাতরা বাসের সহকারী রাসেল ও যাত্রী আক্কাস আলীসহ কয়েকজন যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
আহত আরেক যাত্রী বায়েজীদ হোসেন জানান, লুটপাট শেষে ডাকাতরা বাসটিসহ একটি প্রাইভেটকারে ঢাকার দিকে পালাতে থাকে।
শ্রীরামপুর বাজারে স্থানীয় লোকজন বাসটি থামিয়ে রানা ও বাবু মিয়াকে আটক করে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনোয়ার হোসেন জানানন, পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডের পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে অজ্ঞাত এক ডাকাত গাড়িতে আটকা পড়ে মারা যায়।
ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, আটকদের স্বীকারোক্তি অনুযায়ী পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনটি লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সকালে মহাসড়ক অবরোধ করলে ৮/৯ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটির চালককে আটকের খবরে পরিবহন শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। দুইঘণ্টার অবরোধকালে তীব্র যানজট সৃষ্টি হয়।
মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, ডাকাতদের হামলায় সহকারী রাসেলের মৃত্যুর প্রতিবাদ ও চালক বজলুরের মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করা হয়। পরে বজলুকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24