নোয়াখালী, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জে শুক্রবার রাতে হাত ও পায়ের রগ কেটে এক তরুণকে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত আমির হোসেন স্বপন (২৫) উপজেলার গণি হাসেমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রী ছিলেন।
বেগমগঞ্জ থানার ওসি আবদুর রব নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার উপজেলার সুলতানপুরে তার নানা শ্বশুরের বাড়িতে ইফতারের পর স্থানীয় মসজিদে নামাজ পড়েন স্বপন।
সেখান থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, হাত-পায়ের রগ কেটে তাকে রমনিরহাটের পাশের ধানক্ষেতে ফেলে যায়।
রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা বাবুল মিয়া বাদী হয়ে ছয়জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি হত্যা থানায় মামলা দায়ের করেছেন।
বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে স্বপন তাকে বলেছেন, কিছুদিন আগে মজুমদার হাটের সুরুজের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে সুরুজ স্থানীয় ইয়াসিন, সুমন, মিঠু, কিরিচ মামু ও জহিরকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24