২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ দুই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

গাজীপুরে অস্ত্র ব্যবসায়ী দুই যুবককে অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 07:33 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

গাজীপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে অস্ত্র ব্যবসায়ী দুই যুবককে অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে তারা গুলিবিদ্ধ হয়। তারা হলো নোয়াখালীর সুধারাম থানার সোনাপুর গ্রামের আবুল হাসেমের ছেলে রবিন (২২) ও পিরোজপুরের দূর্গাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে মো. সাইদ শেখ (২১)। তারা টঙ্গী এলাকায় বাস করতো। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১ শুক্রবার রাতে খবর পায় টঙ্গী বাজারের মায়া হোটেলে কয়েকজন অস্ত্র বিক্রি করবে। এর ভিত্তিতে র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে মায়া হোটেলে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় রবিন ও সাইদকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়। রবিনের কাছ থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলম বাদী হয়ে টঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩২৯ ঘ.