২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী, এনজিওকর্মীসহ পাঁচ খুন

ব্যবসায়ী, বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীসহ পাঁচ জেলায় পাঁচজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যবসায়ী, বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীসহ পাঁচ জেলায় পাঁচজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ও শুক্রবার রাজশাহী, সিলেট, মুন্সীগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধায় এসব হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে রাজশাহীতে এক পান ব্যবসায়ী ও গাইবান্ধায় একটি এনজিও'র নারীকর্মীকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: দুর্গাপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামে মোখলেসুর রহমান (৩৫) নামের এক পান ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসরাইল হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি ডাস্টবিন থেকে গুরুতর আহত অবস্থায় মোখলেসুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আনছার আলী বাদি হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রতিবেশী বাবুল ও তার স্ত্রী নাজমা ওরফে পুতুল। এসআই ইসরাইল জানান, পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। গাইবান্ধা: সাদুল্যাপুর উপজেলার বড় ছত্রগাছা গ্রামের একটি ডোবা থেকে শুক্রবার সকালে এনজিও আশা'র মাঠকর্মী অঞ্জনা রাণী মণ্ডলের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। অঞ্জনা আশা'র সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকসিগঞ্জ বাজার শাখায় কর্মরত ছিলেন। তিনি উপজেলার হবিবুল্যাপুর গ্রামের মধুসূদন সরকারের স্ত্রী। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম ও আশা'র গাইবান্ধা জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অঞ্জনা বড় ছত্রগাছা গ্রামের একটি সমিতিতে ঋণের কিস্তির টাকা আদায় করতে যান। কিন্তু তিনি আর কার্যালয়ে ফিরে আসেননি। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ওই দিনই সাদুল্যাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওসি হাসান ইনাম আরো জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে দুর্বৃত্তরা অঞ্জনাকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ ডোবায় ফেলে গেছে। এ ঘটনায় মামালা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান। নওগাঁ: মহাদেবপুর থানার এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার রামরায়পুর গ্রামের একটি খাল থেকে শুক্রবার সকালে এনামুল হক (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এনামুল ওই গ্রামের বছির উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই শরিফুল জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় ইফতার এবং মাগরিবের নামাজ শেষে বাড়ি থেকে বের হন এনামুল। রাতে আর বাড়ি ফেরেননি। এসআই জানান, এনামুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সিলেট: জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামে শুক্রবার দুপুরে আব্দুল মালেক (২৫) এক যুবক বাবার দায়ের কোপে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাবা মুক্তিযোদ্ধা মুহি মিয়া (৭০)। তিনি পলাতক রয়েছেন। পুলিশ ও এলাকাবাসীরা জানান, শুক্রবার সকালে বখাটে মালেক তার বাবা মুহিকে একদফা মারধর করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে আবার মারতে গেলে মুহি দা দিয়ে মালেকের গলায় আঘাত করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। মুন্সীগঞ্জ: শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদি গ্রামের রিনা বেগম নামে (২৫) এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিরাজদিখান থানার এসআই মুশফিকুর রহমান জানান, রিনা পাশের মধ্যপাড়া গ্রমের শেখ আলী হোসেনের মেয়ে। দুবছর আগে কাকারদি গ্রামের শাজাহান মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। রিনার বাবা অভিযোগ করেছেন, সন্তান না হওয়ায় এবং যৌতুক দেওয়া নিয়ে রিনার সঙ্গে ঝগড়া করতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.