হবিগঞ্জ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আবার চালু হয়েছে।
উদ্ধারকারী ট্রেন রেল লাইনের উপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর শুক্রবার সকাল পৌনে ১০টায় ট্রেন চলাচল আবার শুরু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শায়েস্তাগঞ্জ জংশনের কাছে লস্করপুর লেভেল ক্রসিং এ পাথর বোঝাই ট্রাক ও ট্রেনের সংঘর্ষের পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার কাজী শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ঘটনাস্থল থেকে প্রায় ১০০ হাত দূরে ছিটকে পড়ে। কিন্তু ট্রাকটি লাইনের উপর থেকে যায়।
দুর্ঘটনায় ট্রেনের চালক ও সহকারী চালকসহ কমপক্ষে ২০ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24