ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি বাতিলের সরকারি সিদ্ধান্তকে 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার সকালে শিক্ষক কর্মচারি ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত 'গণতন্ত্র ও মানবতা: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখার সময় তিনি এই সমালোচনা করেন।
মির্জা ফখরুল বলেন, "আরাফাত রহমান অসুস্থ। তিনি এখনো পুরোপুরি হাটতে পারেন না, শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। শর্তভঙ্গের অভিযোগ এনে তার প্যারোল বাতিল করছে সরকার। এটা সরকারের একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক সিদ্ধান্ত।"
বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলা হয়েছে।
সাময়িক মুক্তিতে থাকা কোকো ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৪ অগাস্ট তার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হয়। এ মেয়াদ বাড়াতে কোকোর করা আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়।
২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল।
২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় কোকো এবং সায়মনের বিরুদ্ধে অর্থপাচারের একটি মামলা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক আবু সাইদ।
মামলায় তাদের বিরুদ্ধে ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুর ডলার পাচারের অভিযোগ আনা হয়। অভিযোগে উল্লেখ করা পাচার করা অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকার সমতুল্য। ওই বছর ১২ নভেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোকোর প্যারোল বাতিলের সমালোচনা করে বলেন, "আরাফাত রহমান কোকো ভীষণ অসুস্থ। এখনো তার চিকিৎসা শেষ হয়নি। হঠাৎ করে গতকাল তার প্যারোল বাতিল করেছে সরকার। বলা হচ্ছে শর্ত ভঙ্গ করেছেন। কী শর্ত ভঙ্গ করেছে তিনি ?''
তিনি বলেন, "আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ১/১১ এর পরিস্থিতিতে চিকিৎসার জন্য প্যারোলে বিদেশে গেছেন। এখন তার সরকারই চিকিৎসা করতে যাওয়া কোকোর প্যারোল বাতিল করছে। এটা প্রতিহিংসা ছাড়া অন্য কিছুই নয়।"
মির্জা ফখরুল ইসলাম দেশের বর্তমান সময়কে 'দুঃসময়' অভিহিত করে বলেন, "এখন গণতন্ত্র হুমকির মুখে। কোনো কথা বলা যাবে না। কথা বললে মামলা হয়ে যায়। সরকার স্বৈরাচার ও নিপীড়কের ভূমিকায় দেশ শাসন করছে। তাই বাক স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।''
বিরোধী দলের ওপর দমন নির্যাতনের কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি অভিযোগ করেন, সরকারি দলের ৬ হাজার মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অথচ বিরোধী দলের কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি। উল্টো হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।
মির্জা ফখরুল গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, "তিনি হচ্ছেন এ দেশে গণতন্ত্রের অন্যতম অগ্রসেনানী।"
সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. সদরুল আমীন, মাওলনা এম এ লতিফ, চৌধুরী মুগিসউদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৫৩ ঘ.
bdnews24