২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে পুলিশের গুলিতে নিহতের পরিচয় মিলেছে

মতিঝিলে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের 'পাল্টা গুলিতে' নিহত যুবকের পরিচয় মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 07:26 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের 'পাল্টা গুলিতে' নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম সাইফুল ইসলাম খান (২৮)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার প্রয়াত মনজুর খানের ছেলে। ঢাকায় মা মনোয়ারা বেগমকে নিয়ে থাকতেন ২০/১ শান্তিনগরে। পুলিশ সাইফুলকে দুর্বৃত্ত হিসেবে অভিহিত করলেও মনোয়ারা বেগম দাবি করছেন, তার ছেলে দুর্বৃত্ত নয়। কাজ শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করেছে। মনোয়ারা সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ছেলে ইসলামপুরে কাপড়ের ব্যবসা করে। রাতে দোকান বন্ধ করে ফেরার পথে পুলিশ তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে।" এ সময় তিনি জানান, একটি 'মিথ্যা' মামলায় ছয়মাস কারাভোগ করে কিছু দিন আগে ছাড়া পেয়েছিলো সাইফুল। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে মতিঝিল পূবালী ব্যাংকের সামনের ওই ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত এবং অপর একজন আহত হয়। পুলিশ জানিয়েছে, আহত কনস্টেবল হাবিবুল্লাহকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রাজারবাগে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। মতিঝিল থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১টার দিকে মতিঝিল পূবালী ব্যাংকের সামনে রিকশা আরোহী এক দুর্বৃত্ত মতিঝিল থানা পুলিশের টহল দলকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি বলেন, "এতে কনস্টেবল মঞ্জুর আহম্মেদ গুলিবিদ্ধ হন। তখন পুলিশের পাল্টা গুলিতে ওই দুর্বৃত্ত ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে কনস্টেবল মঞ্জুর মারা যান।" পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার উদ্ধার করে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এজে/১৩২৩ ঘ.