গাজীপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে জাল টাকা ও ডলার তৈরির কারখানার খোঁজ পেয়েছে পুলিশ।
এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জাল টাকা, ডলার ও টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গীর দত্তপাড়া এলাকার সালমা বেগম (৩৫), তার ছেলে মারুফ মোল্যাহ (২০), উত্তর আউচপাড়া এলাকার ইব্রাহিম খলিল (২২) ও রাজা (৪২)।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার মাহবুব মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী সালমা বেগম ও ছেলে মারুফ মোল্যাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উত্তর আউচপাড়া এলাকা থেকে ইব্রাহিম ও রাজাকে গ্রেপ্তার করা হয়।
এসআই আমিনুল জানান, তাদের কাছ থেকে ৫শ' টাকার ৩৮১টি জাল নোট, ৫শ' টাকার আধা প্রস্তুত করা তিন হাজার নোট ও ১শ' ডলারের দুটি নোট, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, দুটি স্ক্যানার মেশিনসহ টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়েছে।
টঙ্গী থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় টঙ্গী থানায় শুক্রবার সকালে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমইউএস/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24