চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকাকে তুলে নিতে গিয়ে বৃহস্পতিবার গণপিটুনিতে প্রেমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত প্রেমিকের নাম মো. সালাউদ্দিন (২৪) বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি আবদুল মালেক মিয়া।
তিনি বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারের কাছে নিহত হন সালাউদ্দিন। এ ঘটনায় আহত হয়েছে প্রেমিকের দুই সঙ্গী।"
নিহতের বাড়ি একই উপজেলার এয়াকুবদণ্ডী এলাকায়। তিনি পেশায় গ্রিল মিস্ত্রী ছিলেন। আহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।
প্রেমিকার পরিবারের বরাত দিয়ে ওসি আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাজেদা আক্তারের সঙ্গে সালাউদ্দিনের প্রেম ছিল। সাজেদা পরিবারের সম্মতি ছাড়া বিয়েতে রাজি না হওয়ায় সালাউদ্দিন ও তার কয়েকজন সহযোগী সন্ধ্যা সাতটার দিকে তাকে বাড়ি থেকে সিএনজি অটোরিকশায় তুলে নেয়।"
অটোরিকশাটি স্থানীয় শাকপুরা চৌমুহনী বাজারে পৌঁছালে স্থানীয় লোকজন আটকে তাদের পিটুনি দেয় বলে জানান ওসি। সালাউদ্দিনের গুরুতর আহত দুই সঙ্গীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় বোয়ালখালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩০৪ ঘ.
bdnews24