২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়েস্তাগঞ্জে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি রেলক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

হবিগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি রেলক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনায় আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের দুই চালকসহ অন্তত ৫০ যাত্রী আহত হয়েছে বলে জানান শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার শহীদুল ইসলাম। তিনি জানান, ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। স্টেশন মাস্টার শহীদুল জানান, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ জংশনের কাছে লস্করপুর রেলক্রসিংয়ে একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনসহ দুটি বগি লাইচ্যুত হয়ে পড়ে লাইনের পাশে পড়ে যায়। ঢাকা-সিলেট মহাসড়কের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি সরিয়ে নেওয়ার পর আবার যান চলাচল স্বাভাবিক হয়। তবে লাইনচ্যুত বগি দুটি এখনো উদ্ধার করা যায়নি। আহতদের মধ্যে দুই ট্রেন চালকের নাম জানা গেছে। এরা হলেন- ফিরোজ কালাম আজাদ ও রুহুল আমিন। পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে বলে শহীদুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.