ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে হজ্বযাত্রী পরিবহনে এ বছর আরো ছয়টি আকাশ পরিবহন সংস্থাকে তৃতীয় সংস্থা (থার্ড ক্যারিয়ার) হিসাবে নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ্বযাত্রী পরিবহনে তৃতীয় সংস্থা নিয়োগ সংক্রান্ত এক বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী গোলাম কাদের সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী জানান, সৌদি আরবের দুটি রাষ্ট্রীয় বিমান সংস্থা- আলওয়াফির এয়ার ও ন্যাশনাল এয়ার সার্ভিস (এনএএস) এ বছর হজ্বযাত্রী পরিবহনে যুক্ত হচ্ছে। এ দু'টি সংস্থা তৃতীয় সংস্থা (থার্ড ক্যারিয়ার) হিসেবে হজ্বযাত্রী পরিবহনের সুযোগ পাবে।
এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক আরো চারটি সংস্থাকেও তৃতীয় সংস্থা (থার্ড ক্যারিয়ার) হিসেবে হজ্বযাত্রী পরিবহনের জন্য নির্বাচন করা হয়েছে। এগুলো হচ্ছে- গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ইতিহাদ এয়ারওয়েজ।
এ ছয়টি আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যাত্রীপ্রতি ১৫০ ডলার করে দেবে।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এরাবিয়ান এয়ারলাইনস বাংলাদেশের হজ্বযাত্রী পরিবহন করে আসছে। নতুন যুক্ত হওয়া ওই ছয়টি সংস্থা ২৬ হাজার ৪২ জন হজ্বযাত্রী বহন করবে।
মন্ত্রী জানান, হজ্বযাত্রী পরিবহনে তৃতীয় সংস্থা নিয়োগের বিষয়ে একটি নীতিমালা করা হয়েছে। সংস্থাগুলো এ নীতিমালা অনুযায়ী চুক্তিবদ্ধ হবে। এ নীতিমালা ভঙ্গ করলে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর ৯৩ হাজার ৯০০ হজ্বযাত্রী সৌদি আরবে যাবে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, "তৃতীয় সংস্থা ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪০ হাজার ও সৌদি এরাবিয়ান এয়ারলাইনস ২৮ হাজার হজ্বযাত্রী পরিবহন করবে। ছয় হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) হজ্ব করবেন।"
গত বছর মোট হজ্বযাত্রী ছিল ৫৮ হাজার ৪৫৪ জন। এর মধ্যে আট হাজার ৩৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫০ হাজার ৪২০ জন বেসরকারি এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় হজ্বে যান।
এ বছর তৃতীয় সংস্থাগুলোর মধ্যে গালফ এয়ার সাত হাজার, কুয়েত এয়ারওয়েজ এক হাজার ৫০০, কাতার এয়ারওয়েজ এক হাজার ৩৪২, ইতিহাদ এয়ারওয়েজ এক হাজার ২০০, আলওয়াফির এয়ার ১০ হাজার এবং ন্যাশনাল এয়ার সার্ভিস পাঁচ হাজার হজ্বযাত্রী বহন করবে।
বিমানের হজ্বযাত্রী পরিবহন বিষয়ে গোলাম কাদের জানান, দু'টি ৭৪৭ সিরিজের বোয়িং ভাড়া করা হয়েছে। এর প্রত্যেকটির যাত্রী ধারণ ক্ষমতা ৪৭৭ জন।
তিনি বলেন, "সিডিউল ফ্লাইট মিলিয়ে যে স্লট পাওয়া গেছে, তাতে বিমান ৪৫ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।"
ঝুঁকি মোকাবেলায় অতিরিক্ত আরো পাঁচ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা দেখা দিলে তা কাজে লাগানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/পিডি/২২০৯ ঘ.
bdnews24