২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধকার থেকে আলোয়

ওমর আলী ২০ বছর পর মায়ের কাছে ফিরবে। সকালের আলো ফোটার আগেই তাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে বৃদ্ধা মা আনেছা বেগমের (৭৫) অপেক্ষার শুরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ওমর আলী ২০ বছর পর মায়ের কাছে ফিরবে। সকালের আলো ফোটার আগেই তাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে বৃদ্ধা মা আনেছা বেগমের (৭৫) অপেক্ষার শুরু। সঙ্গে ২২ বছরের একমাত্র নাতি রুবেল। বাবা ওমর আলীর কাছে রুবেলকে বুঝিয়ে দিতে পারলেই বৃদ্ধা আনেছার মুক্তি। বছরের পর বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলেন তিনি। বেলা সোয়া ১২টা। একে একে বের হয়ে আসছে মুক্তি পাওয়া কারাবন্দিরা। কিন্তু তার ছেলে ওমর আলী কই? অস্থির হয়ে ওঠেন আনেছা বেগম। কিছুক্ষণ পর কারা ফটক দিয়ে বের হয়ে আসেন ওমর আলী। গভীর আলিঙ্গণে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন মা। দেশের বিভিন্ন কারাগারে থাকা এক হাজার বন্দিকে বৃহস্পতিবার দুপুর থেকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করেছেন তারাই এই সুযোগ পাচ্ছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার প্রথম ধাপে ২৪ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়। এছাড়া আরো কয়েকটি কারাগার থেকে মোট ২২৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ১৩২ জন, সাতক্ষীরা কারাগার থেকে চারজন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৯০ জন এবং চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক বন্দীকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া অনেককেই নিতে এসেছিলেন তাদের আত্মীয়-স্বজনরা। প্রিয় মানুষগুলোর উপস্থিতিতে তখন তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। আবার দীর্ঘ সময় পর, অনেককে নিতে আসার প্রয়োজনই মনে করেনি নিকটজনেরা। তাইতো দীর্ঘশ্বাস ফেলে একাকি অনিশ্চয়তায় ভরা পথে পা বাড়ান তারা। গাজীপুর রাজেন্দ্রপুরের বাসিন্দা বৃদ্ধা আনেছা বেগম জানান, ১৯৯০ সালে একটি হত্যা মামলায় ৩৬ বছর সাজা হয় ওমর আলীর। কারাগারে যাওয়ার কিছুদিন পর পুত্রবধূ মাসুদা দেড় বছরের রুবেলকে তার কাছে দিয়ে অন্যত্র বিয়ে করে চলে যান। এর পর থেকে খুব কষ্ট করে বড় করে তুলেছেন রুবেলকে। একদিন ওমর ফিরে আসবে, তার রুবেলের দায়িত্ব নেবে-এমন আশায় তিনি দিন গুনেছেন। 'অন্ধকার থেকে আলোয় এলামরে ভাই'। মুক্তির প্রথম অনুভূতি এভাবেই জানালেন ওমর আলী। নিজেকে একজন শোধরানো মানুষ হিসেবে দাবি করে তিনি বলেন "এতগুলো বছর কারাগারে থাকার পর, কেউ আর কোন অন্যায় করতে পারে আমার তা বিশ্বাস হয় না।" "৫০ বছর বয়সে জেল থেকে বের হয়েছি। এখন কিছু একটা করে বেঁচে থাকতে হবে। নতুন জীবন পেয়েছি। সব কিছু নতুন করে শুরু করতে হবে।" বলে চলেন তিনি। একজন বারেক মোল্লার দীর্ঘশ্বাস ২০ বছর ধরে কারাগারে গান গেয়ে নাম করেছেন টাঙ্গাইলের মধুপুরের বারেক মোল্লা। হাতে একটি ব্যাগ ও একটি ছোট পুটলি নিয়ে রওনা হলেন বাড়ির দিকে। জিজ্ঞাসা করতেই বলে উঠলেন "কেউ নিতে আসেনি, পরিবারের কাছে আমার কোন মূল্য নাই, কেন নিতে আসবে। " কারাগারের মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন কারারক্ষী বললেন "বারেক ভাই, আপনার গান আর শুনতে পারবো না। তাই খুব কষ্ট হচ্ছে।" কোন উত্তর না দিয়ে তাদের দিকে শুন্য দৃষ্টিতে তাকান বারেক। মুক্তি পাবার পর অনুভূতি জানতে চাইলে বারেক মোল্লা বলেন, "হয়তো কারাগারের ভেতরেই ভাল ছিলাম, আবার হয়তো দেখা যাবে বাহিরেই ভাল লাগছে।" হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হন বারেক মোল্লা। তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে বড় একটা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। কিছুক্ষণ ভেবে তিনি বলেন, "বাড়িতে স্ত্রী ও একটি ছেলে আছে। পারিবারিক ব্যবসা আছে। ভাইয়েরা যদি ব্যবসায় ভাগ দেয় তাহলে জীবন চালানো যাবে।" এই বলে গন্তব্যর দিকে রওনা হন বারেক মোল্লা। মাথা গরম ঋষিকেশের মুক্তি স্ত্রী লক্ষ্মীরাণীকে হত্যার দায়ে দীর্ঘ শাস্তির খড়গ নিয়ে কারাগারে যেতে হয় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ঋষিকেশকে (৫৩)। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চারদিকে তাকিয়ে দেখেন কেউ তাকে নিতে আসেনি। "স্ত্রী হত্যার দায়ে সাজাভোগ করেছি, কে আমাকে নিতে আসবে?" নিজেকেই যেনো প্রশ্ন করেন তিনি। খুন করার মতো কাজ কেন করতে গেলেন? উত্তরে ঋষিকেশ বলেন " হঠাৎ মাথা গরম হয়ে গিয়েছিল তাই মেরে ফেলেছিলাম। এখন আমি ভাল হয়ে গেছি। " "অনেক সংশোধন হয়েছি। এখন অন্যদেরও বলব যেন তারা খারাপ কাজ না করে।" আরো কয়েকজনের ঘরে ফেরা মুক্তি পাওয়া শরিয়তপুরের আব্দুর রহমান (৫০) বলেন, "২০ বছর ধরে পরিবারের জন্য কিছু করতে পারিনি। বাড়িতে স্ত্রী মনোয়ারা পথ চেয়ে বসে আছে। নিতে আসার মত কেউ নেই।" একথা বলে আর দেরি করতে চান না রহমান। শরিয়তপুরের উদ্দেশ্য রওনা হন দ্রুত। ফরিদপুরের নগরকান্দার বাচ্চু ফকির (৬২) হাসিমুখেই বললেন, "হত্যাকাণ্ডের সাজা নিয়ে ২২ বছর ধরে কারাগারে থেকে নিজেকে এখন শোধরানো মানুষ বলেই মনে হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/২০০২ ঘ.