২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ শাওনের গাড়ি পরীক্ষা

যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর ঘটনায় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়ি পরীক্ষা করা হয়েছে। গাড়িতে একাধিক জায়গায় রক্তের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর ঘটনায় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়ি পরীক্ষা করা হয়েছে। গাড়িতে একাধিক জায়গায় রক্তের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে শাওনের গাড়ি গোয়েন্দা কার্যালয়ে নিয়ে পরীক্ষা করা হয়। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বলে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সাংসদ শাওনের গাড়ি গোয়েন্দা কার্যালয়ে আনতে। সে অনুযায়ি গাড়ি আসলে তা পরীক্ষা করা হয়। তিনি জানান, ইতিমধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের ঢাকার বাইরে যাওয়ার উপর। তবে প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তাকে তা জানাতে বলা হয়েছে। যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর ঘটনায় সাংসদ নুরুন্নবী শাওনের দেহরক্ষী দেলোয়ার ও ঘটনার প্রত্যক্ষদর্শী শিমুল নামের এক দলীয় কর্মীকে বুধবার গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এর আগে মঙ্গলবার সাংসদ শাওনের গাড়িচালক কামাল হোসেন, যে মাইক্রোবাসে করে ইব্রাহীমকে নেওয়া হয়েছিল সেই মাইক্রোবাসের মালিক মিঠু, চালক মিজান ও সোহেল নামের একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। শনিবার আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী শাওনসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে বুধবার মামলা করেন ইব্রাহীমের ছোট ভাই মাসুম আহমেদ। ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে এই মামলাটি দায়ের করা হয়। মামলায় সাংসদ শাওন ছাড়া অন্য অভিযুক্তরা হলেন-শাওনের দেহরক্ষী দেলোয়ার হোসেন, গাড়ি চালক কামাল হোসেন, লাশবহনকারী গাড়ির চালক মাজহারুল ইসলাম মিঠু, মিজান, জীবন, লিটন ও আলম। ইব্রাহীমের লাশের সুরতহাল প্রতিবেদনে ডান চোয়ালের মাঝামাঝি অংশে একটি গোলাকার রক্তাক্ত ক্ষত চিহ্নের কথা উল্লেখ রয়েছে। এটাই গুলির চিহ্ন বলে পুলিশ সূত্র জানায়। এছাড়া ডানহাতের কনুইয়ে জখম এবং পেটের বাম পাশে কালো বর্ণের জখমের কথা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলএইচ/এসএএ/১৭৩৩ ঘ.