২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অবৈধ ক্লিনিক সিলগালা

অনুমোদন না নেওয়ায় নারায়ণগঞ্জে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 05:58 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমোদন না নেওয়ায় নারায়ণগঞ্জে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় এই অভিযান চালায় আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা খানম আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ উপস্থিত ছিল। মঙ্গলবার জনসেবা নামের এই ক্লিনিকটিতে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে ২০ এপ্রিল জেলা সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান ক্লিনিকটি বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। ম্যাজিস্ট্রেট ফরিদা খানম সাংবাদিকদের জানান, জেলা সিভিল সার্জন ক্লিনিকটি বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা অবৈধভাবে ক্লিনিকটি চালু রেখেছে। বুধবার দুপুরে অভিযানকালে ক্লিনিকটিতে রোগী ভর্তি পাওয়া যায়। অবৈধভাবে ক্লিনিকটি চালু রাখায় সেটা সিলগালা করে দেওয়া হয়েছে। এর আগেও একই অভিযোগে ক্লিনিক কর্তৃপক্ষকে জরিমানা করে সতর্ক করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৫ ঘ.