২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা: স্বীকারোক্তি জবানবন্দি দিলেন জেএমবি নেতা

হুমায়ুন আজাদ হত্যাচেষ্টায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জড়িত থাকা বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দলটির সাংগঠনিক প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ুন আজাদ হত্যাচেষ্টায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জড়িত থাকা বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দলটির সাংগঠনিক প্রধান। বুধবার দলটির সাংগঠনিক প্রধান ভাগ্নে শহীদ ওরফে আনোয়ার আলম খোকা হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মোস্তাফিজুর বলেন, "হুমায়ুন আজাদ হত্যাচেষ্টায় নিজেকে জড়িয়ে তিনি (ভাগ্নে শহীদ) এই জবানবন্দি দিয়েছেন।" তবে জবানবন্দিতে ভাগ্নে শহীদ কী বলেছেন তদন্ত কর্মকর্তা তা বিস্তারিত জানানি। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ কে এম এমদাদুল হকের খাসকামরায় ১৬৪ ধারায় শহীদ জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। দুই দফায় আট দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে আদালতে হাজির করেন পরিদর্শক মোস্তাফিজুর। তদন্ত কর্মকর্তা আরো জানান, দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে ভাগ্নে শহীদকে জামায়াত ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাইদী এবং জেএমবির ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমানের মুখোমুখি করা হয়েছিলো। জবানবন্দিতে দেলোয়ার হোসেন সাইদীর নাম এসেছে কি না জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, "সেটা এই মুহূর্তে বলতে পারবো না। কারণ জবানবন্দির কপি এখনো হাতে পাইনি।" ২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো দিকের ফুটপাথে হুমায়ুন আজাদের ওপর হামলা হয়। তার ভাই মঞ্জুর কবীর বাদি হয়ে এ ঘটনায় রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/পিডি/২০০১ ঘ.