২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীনের ৬১তম জম্মবার্ষিকী পালিত

নাট্যকার সেলিম আল দীনের ৬১তম জম্মবার্ষিকী পালিত হয়েছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 02:00 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্যকার সেলিম আল দীনের ৬১তম জম্মবার্ষিকী পালিত হয়েছে বুধবার। তার জম্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবং ঢাকায় শিল্পকলা একাডেমীতে পৃথক কর্মমূচি পালন করা হয়। সকাল ১০টায় জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে সেলিম আল দীন কক্ষ উদ্বোধনের মাধ্যমে জন্ম জয়ন্তীর কর্মসূচি শুরু হয়। সেলিম আল দীন এ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি। নাট্যকারের সহধর্মণী বেগমজাদী মেহেরুন্নেসা এই কক্ষ উদ্বোধন করেন। সকাল সাড়ে দশটায় পুরাতন কলাভবন চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সেলিম আল দীনের সমাধিস্থলে এসে শেষ হয়। র‌্যালিতে বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, শুভানুধ্যায়ী, নাট্য নির্মাতা, কলা কুশলীরা অংশ নেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 'বাংলা সংস্কৃতি ও সেলিম আল দীন' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নাট্যকার সৈয়দ শামসুল হক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ, ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ড. আজফার হোসেন প্রমুখ। সৈয়দ শামসুল হক বলেন, "সেলিম আল দীন নাটকে নতুন ধারা সৃষ্টি করেছেন। বাংলা সাহিত্যে তার অবদান চিরস্মরণীয়।" আলোচনায় সেলিম আল দীনের জীবন, কর্ম ও তার নাট্য আঙ্গিকের নানা দিক তুলে ধরেন বক্তারা। সন্ধ্যা ৭টায় একই স্থানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেলিম আল দীন রচিত ও সুরারোপিত গান পরিবেশন করা হয়। পরে বিভাগের ৩য় বর্ষের (৩৫তম ব্যাচ) শিক্ষার্থীদের পরিবেশনায় ঔপন্যাসিক এরিখ মারিয়া রেমার্ক এর উপন্যাস অবলম্বনে নাটক 'অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট' মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক রেজা আরিফ। এদিকে, সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে সেলিম আল দীনের লেখা অবলম্বনে রচিত নাটক 'ফেস্টুনে লেখা স্মৃতি' মঞ্চস্থ করে নাট্য সংগঠন স্বপ্নদল। নাটকটি রচনা করেছেন জাহারাবী রিপন এবং যৌথভাবে নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঁইয়া এবং রওনক লাবণী। সেলিম আল দীন রচিত উল্লেখযোগ্য কয়েকটি নাটক-কীর্ত্তনখোলা, চাকা, শকুন্তলা, যৈবতী কন্যার মন, হরগজ, প্রাচ্য, কেরামতমঙ্গল, নিমজ্জন, বনপাংশুল প্রভৃতি। সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ অগাস্ট জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে তিনি সাহিত্যে একুশে পদক লাভ করেন । ২০০৮ সালে ১৪ জানুয়ারি মারা যান গুণী এ শিল্পী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/১৯৫২ ঘ.