২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবির ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

'খাদ্যই শক্তি, কৃষিতেই মুক্তি'- এই স্লোগান নিয়ে বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ময়মনসিংহ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'খাদ্যই শক্তি, কৃষিতেই মুক্তি'- এই স্লোগান নিয়ে বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। পরে 'বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সম্মুখ ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ক্রমহ্রাসমান কৃষি জমি, ক্রমবর্ধমান জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্যহীনতার পরিপ্রেক্ষিতে কৃষি উৎপাদন বৃদ্ধির বর্তমান গতিধারাকে অব্যাহত রাখা আজকের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, প্রতিকূল পরিবেশের জন্য উপযোগী ফসলের জাত, বিশেষ করে লবণাক্ততা সহনীয় মাছ ও প্রাণীসম্পদসহ শস্যের জাত নিয়ে গবেষণা ও সেগুলোর আধুনিক চাষাবাদ পদ্ধতি উদ্ভাবন করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়াই এ বিশ্বদ্যিালয়ের কৃষি বিজ্ঞানীদের দায়িত্ব। মন্ত্রী বলেন, কৃষি গ্রাজুয়েটরা এসব চ্যালেঞ্জ মোকাবেলাসহ বর্তমান সরকার সূচিত ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সংযোজিত হয়ে দিন বদলের অঙ্গীকার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করেন। দেশীয় ও বিলুপ্তপ্রায় ফসল ও ফলের জাত নিয়ে গবেষণার পাশাপাশি প্রাণীজ প্রোটিনের চাহিদা মেটাতে লবণাক্ততা সহিষ্ণু ভেড়ার জাত উন্নয়ন ও উৎপাদন নিয়ে গবেষণার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও সাংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। মূলপ্রবন্ধ উপস্থাপনসহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ সাত্তার মণ্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠা দিবস বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান, প্রতিষ্ঠা দিবস বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব ড. এ কে এম জাকির হোসেন প্রমুখ। প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপণ, গাছের চারা বিতরণ, কৃষক সমাবেশ, মৎস্য জাদুঘর উদ্বোধন করা হয়। ময়মনসিংহ শহরের কাছে ব্রহ্মপুত্রের তীরে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬১ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.