২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ফিটনেসহীন গাড়ির তালিকা পুলিশকে দেয়ার নির্দেশ

ঢাকার ফিটনেসহীন গাড়ির তালিকা পুলিশকে দিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ফিটনেসহীন গাড়ির তালিকা পুলিশকে দিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। যোগাযোগ মন্ত্রণালয়ে যানজট নিরসন সংক্রান্ত এক বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠকে ঢাকা শহরে চলাচলকারী ৮০ হাজার ফিটনেসহীন গাড়ির তালিকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেন মন্ত্রী। তিনি জানান, ফিটনেসহীন এসব গাড়ি কোনভাবেই মহানগরে চলতে দেওয়া হবে না। বৈঠকে অবৈধ যানবাহন, ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক এবং ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাসের বিরুদ্ধে চলমান ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম আরো জোরদার করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। বৈঠকে এক্সেলেন্স রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী বুয়েট শিক্ষক ড. শামসুল হক রাজধানীর যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি সিএনজি'তে রূপান্তর কার্যক্রম বন্ধের সুপারিশ করেন। তিনি ছোট গাড়ি নিরুৎসাহিত করে গণপরিবহনের পরিমাণ বাড়ানোর তাগিদ দেন। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, "এ ধরনের সুপারিশ পাওয়া গেলে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তা বিবেচনা করবে। প্রয়োজনে কালই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার বিশেষজ্ঞদের মতামতকে কাজে লাগাতে চায়।" বৈঠকে ফিটনেস ও রুট পারমিটহীন গাড়ির বিরুদ্ধে চলমান ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অমিতাভ সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিভিন্ন সমস্যা, যানবাহন ও বাজেট সংকটের বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী অভিযোগ করেন, বড় বাস কোম্পানিগুলো রাজধানীর বিভিন্ন ফুটপাত দখল করে কাউন্টার বসিয়েছে যা পথচারীদের চলাচলে প্রতিবন্ধক। এছাড়া ফুটপাত দখলও যানজটের একটি বড় কারণ। বৈঠকে যানজট নিরসনে বিআরটিএ'র পক্ষ থেকে ঢাকা ছাড়া অন্য জেলায় রেজিস্ট্র্রেশন করা প্রাইভেটকার, মোটরকার, জীপ, মাইক্রোবাস, মোটর সাইকেল প্রবেশ ও চলাচল নিষিদ্ধ, প্রাইভেট কার, জিপ ও মাইক্রোবাস আমদানির ওপর শুল্ক বৃদ্ধি ও রিকন্ডিশন্ড প্রাইভেটকার আমদানির ওপর কঠোর বিধি-নিষেধ আরোপের সুপারিশ করা হয়। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিসি চেয়ারম্যান এম এম ইকবাল, বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/পিডি/১৮৩০ ঘ.