২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ শাওনের দেহরক্ষীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ

যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর ঘটনায় সাংসদ নুরুন্নবী শাওনের দেহরক্ষী দেলোয়ার ও ঘটনার প্রত্যক্ষদর্শী শিমুল নামের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 11:20 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর ঘটনায় সাংসদ নুরুন্নবী শাওনের দেহরক্ষী দেলোয়ার ও ঘটনার প্রত্যক্ষদর্শী শিমুল নামের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকালে তাদেরকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে মঙ্গলবার সাংসদ শাওনের গাড়িচালক কামাল হোসেন, যে মাইক্রোবাসে করে ইব্রাহীমকে নেওয়া হয়েছিল সেই মাইক্রোবাসের মালিক মিঠু, চালক মিজান ও সোহেল নামের একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত ঘটনার প্রত্যক্ষদর্শী দাবিদার ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার চারজনকে এবং বুধবার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, "আমরা তাদের কাছ থেকে সে দিনের ঘটনার বিবরণ শুনেছি। তদন্তের স্বার্থে সবার বক্তব্য ও আলামত পরীক্ষা করে দেখা হচ্ছে।" তিনি জানান, যে গাড়িতে ইব্রাহীম গুলিবিদ্ধ হয়েছেন বলে চালক কামাল দাবি করছে, বৃহস্পতিবার সেটি ডিবি কার্যালয়ে নিয়ে আসার জন্যে বলা হয়েছে। মাহবুবুর রহমান বলেন, "আমরা চেষ্টা করছি প্রকৃত তথ্য উদঘাটনের। তদন্তের প্রয়োজনে আরো কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।" এদিকে ইব্রাহীমকে হত্যার অভিযোগ এনে ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী শাওনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইব্রাহীমের ছোট ভাই মাসুম আহমেদ। বুধবার সকালে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় সাংসদ নুরুন্নবী শাওন ছাড়া অন্য অভিযুক্তরা হলেন শাওনের দেহরক্ষী দেলোয়ার হোসেন, গাড়ি চালক কামাল হোসেন, লাশবহনকারী গাড়ির চালক মাজহারুল ইসলাম মিঠু, মিজান, জীবন, লিটন ও আলম। এই মামলা প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, "আমরা উভয় মামলা গুরুত্বের সাথে তদন্ত করবো।" এদিকে মামলার আলামত ও অস্ত্র, গুলি ইত্যাদি পরীক্ষার জন্যে সিআইডিতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার অভিযোগে যেখানে ঘটনাস্থল বলা হয়েছে সেখানে অনেকে থাকলেও গুলির শব্দ শুনেছেন এমন কাউকে পাওয়া যায়নি। পাওয়া যায়নি কোনো সাক্ষী। এই কর্মকর্তা প্রাথমিক তদন্তের সূত্র ধরে বলেন, "ধারণা করা হচ্ছে কালাম বা মিঠু এই দুইজনের মধ্যে যে কোনো একজন ইব্রাহীমকে গুলি করেছে।" ইব্রাহীমের লাশের সুরতহাল প্রতিবেদনে ডান চোয়ালের মাঝামাঝি অংশে একটি গোলাকার রক্তাক্ত ক্ষত চিহ্নের কথা উল্লেখ রয়েছে। এটাই গুলির চিহ্ন বলে পুলিশ সূত্র জানায়। এছাড়া ডানহাতের কুনুইতে জখম এবং পেটের বাম পাশে কালো বর্ণের জখমের কথা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৭১৭ ঘ.