ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশাল এলাকায় এক গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন স্বামী।
পারিবারিক কলহের জেরে শুক্রবার ইফতারের পর আফরিন (২৭) নামের এই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার স্বামী মাহবুব আলম রনিকেও (৩২) ভর্তি করা হয়েছে একই ইউনিটে।
আফরিনের শ্বশুর আইনজীবী আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইফতারের আগে স্বামী ও শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটি হয় আফরিনের। ইফতারের পর নিজের কক্ষে গিয়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন তিনি।
পরে দরজা ভেঙ্গে আফরিনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হয়।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে আফরিনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। স্বামী রনির শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।
আফরিনের বাবা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তার কোনো অভিযোগ নেই। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমএসবি/২৩৪৫ ঘ.
bdnews24