২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে শিশুকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 05:08 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শিশুটিকে হত্যার পর তার স্বর্ণের অলংকার নিয়ে যায় তারা। মঙ্গলবার সকালে উপজেলার ফৈতাদি নাগরাপাড়া এলাকায় এই ঘটনায় একজনকে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নিহত সাদিয়া (৭) ফৈতাদি নাগরাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলো। সে ওই গ্রামের জর্দান প্রবাসী ইয়াকুব মিয়ার মেয়ে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে সাদিয়া বাড়ির পাশে একটি মাঠে খেলা করছিলো। এসময় পাশের বাড়ির সাত্তার মিয়ার ছেলে আবু (১৫) ও চৈতনপাড়া গ্রামের আব্দুর রহমানেরর ছেলে নাসির (২৫) তাকে নৌকায় ঘুরানোর কথা বলে ডেকে নিয়ে যায়। তারা সাদিয়াকে নৌকার বৈঠা দিয়ে প্রথমে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার কানের দুলসহ স্বর্নের অলংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা লাশটি বিলের একটি ধানক্ষেতে লুকিয়ে রাখে। সন্ধ্যায় খোঁজাখুঁজি শুরু হলে সাদিয়ার মা নার্গিস আক্তারকে তার সহপাঠী সুধা ও ইমরান জানায়- তারা পাশের বাড়ির আবুকে দেখেছেন তাকে ডেকে নিয়ে যেতে। পরে এলাকাবাসী আবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু জানে না বলে জানায়। তাকে পিটুনি দিলে সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে। এই স্বীকারোক্তি অনুযায়ী ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক আবু পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৬ ঘ.