২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটের উৎপাত, অভিযোগকারীকে আটকের হুমকি পুলিশের

উত্ত্যক্তকারীর বিরুদ্ধে মামলা না নিয়ে উল্টো বাদীকে হয়রানি করার অভিযোগ উঠেছে রংপুরের মিঠাপুকুর থানা পুলিশের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 04:25 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

রংপুর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারীর বিরুদ্ধে মামলা না নিয়ে উল্টো বাদীকে হয়রানি করার অভিযোগ উঠেছে রংপুরের মিঠাপুকুর থানা পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার মহিলা পরিষদ বিষয়টি রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্টকে (এসপি) জানালে তিনি এ জন্য দায়ী তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে 'বখাটে'দের বিরুদ্ধে মামলা গ্রহণ করে মিঠাপুকুর থানা পুলিশ। মামলার নথি থেকে জানা যায়, উপজেলার ভক্তিপুর গ্রামের কৃষক আব্দুর রউফের দুই মেয়ে রুমা বেগম রংপুর সরকারি কলেজে বিএ প্রথম বর্ষ এবং ছোট মেয়ে রিপা বেগম স্থানীয় হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। স্থানীয় 'বখাটে' নাজু, নুরনবী ও মিরন মিঠাপুকুর থানা পুলিশের দালাল আরিফ মাস্টারের সহায়তায় দুই বোনকে কলেজ ও স্কুলে যাবার সময় উত্যক্ত করে আসছিল। 'বখাটে'রা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা লিখে বিভিন্ন স্থানে পোস্টারও লাগায়। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ ডাকা হলে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ওখানে গিয়ে নাজুকে আটক করে এবং তিনটি পোস্টার নিয়ে থানায় আসেন। আটক নাজুকে থানায় নিলেও কোনো ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এসআই হুমায়ুন রুমা ও রিপার বাবা রউফকে থানায় গিয়ে লিখিত অভিযোগ করতেও বলে যান। এদিকে রউফ থানায় গেলে হুমায়ুন কৌশলে একটি সাদামাটা অভিযোগ নিজেই লিখে ভারপ্রাপ্ত ওসি এসআই মামুনের কাছে দিতে বলেন। সারাদিন তাকে থানায় বসিয়ে রাখা হয়। সন্ধ্যায় মামুন থানায় এসে মামলাটি না নিয়ে রউফকে বলেন, আরিফ মাস্টারের (থানার দালাল) সঙ্গে দেখা করে যেন বিষয়টি মীমাংসা করে নেন। তার কথা না শুনলে বাড়ির সবাইকে থানা হাজতে আটক রাখার হুমকি দেন তিনি। এদিকে রউফের মামলাটি গ্রহণ না করে উল্টো 'বখাটে'দের দায়ের করা একটি মামলা (নম্বর ২৭) গ্রহণ কওে থানা। এরপর পুরো ব্যাপারটি রউফ রংপুর জেলা মহিলা সমিতির কাছে লিখিতভাবে জানান। মহিলা পরিষদের হস্তক্ষেপে গত ৫ অগাস্ট মিঠাপুকুর থানা পুলিশ একটি মামলা রেকর্ড করে। এরপর মহিলা পরিষদ বিষয়টি এসপি সালেহ মো. তানভীর আহাম্মেদকে জানালে তিনি মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত ওসি এসআই মামুন ও এসআই হুমায়ুনকে তার অফিসে ডাকেন। মঙ্গলবার বিকালে তিনি সাংবাদিকদের জানান, ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । এ ব্যাপারে জেলা মহিলা পরিষদের সভানেত্রী মারহামাতুননেছা সাংবাদিকদের বলেন, মিঠাপুকুর পুলিশ মামলা না নিয়ে বখাটেদের পক্ষ নিয়েছে। এর জন্য দায়ী তিন পুলিশের শাস্তি না দিলে মহিলা পরিষদ আন্দোলন করবে। মেয়ে দু'টির বাবা আব্দুর রউফ বলেন, তার দুই মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.