ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরাণীগঞ্জে মঙ্গলবার এক যুবককে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
নিহত আলমগীর হোসেন রনি (২৫) চুনকুটিয়ার রফিকুল ইসলামের ছেলে।
নিহতের বাবা দাবি করেছেন, তার ছেলে পেশায় রিক্সাচালক এবং মাঝে মাঝে দিনমজুরের কাজ করতো।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কইবত্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে কয়েকজন যুবক এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তার (পথচারী) চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সঙ্গীরা পালিয়ে গেলেও রনি ধরা পড়ে। পরে জনতার পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২১২৪ ঘ.
bdnews24