ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে মার্চে গুলিতে নিহত দম্পতির দুই মেয়ের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দুই মেয়ে সুমাইয়া ইসলাম বীথি ও নিলুফা ইয়াসমিন ইতিসহ মামলার বাদী এবং আইনজীবীকে নিরাপত্তা দিতে গুলশান ও বাড্ডা থানার ওসিকে নির্দেশ মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের করা জনস্বার্থ রিট আবেদেনর প্রেক্ষিতে মঙ্গলবার নিরাপত্তা বিষয়ক এ নির্দেশ দেয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ। নিরাপত্তা দিতে ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও সরকার ও পুলিশের কাছে জানতে চেয়েছে আদালত।
গত ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরে নিজ বাসায় মেয়ের কথিত প্রেমিকের গুলিতে নিহত হন সাদিকুর রহমান ও রোমানা নার্গিস দম্পতি। সাদিকুর বাংলাদেশ নার্সারি মালিক সমিতির মহাসচিব ছিলেন।
রিট আবেদনে বলা হয়েছে, গত ১৪ আগস্ট ডেইলি স্টার পত্রিকায় গুলশানের জোড়া খুনের মামলায় আসামীরা জামিনে মুক্ত হয়ে মৃতদের দুই মেয়ে, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানোর বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানিতে বলেন, "নাগরিকের নিরাপত্তা দেওয়া আইনশঙ্খলা বাহিনীর দায়িত্ব। নার্সারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও তার স্ত্রীকে সন্ত্রাসীরা নির্মমভাবে খুন করেছে। তাদের দুই মেয়েকে এখন জীবনের হুমকি দেওয়া হচ্ছে। তারা পালিয়ে বেড়াচ্ছে।"
মামলায় জামিন পাওয়া আসামীরা সাক্ষীদের হুমকি দেওয়ার বিষয়ে তদন্ত করে যথাযথ আদালতে জামিন বাতিলের দরখাস্ত আইন অনুযায়ী বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
হাইকোর্টের এই আদেশ মানা হয়েছে কি না এ বিষয়ে আগামী ২৪ অগাস্ট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১০৩ ঘ.
bdnews24