২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষী আসে না, ৫ বছরেও নিষ্পত্তি হয়নি বোমা মামলা

গোপালগঞ্জে নিষিদ্ধ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের বোমা হামলা মামলা পাঁচ বছরেও নিষ্পত্তি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

গোপালগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে নিষিদ্ধ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের বোমা হামলা মামলা পাঁচ বছরেও নিষ্পত্তি হয়নি। সাক্ষী আদালতে হাজির না হওয়ায় মামলার তারিখ বার বার পেছাচ্ছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবীরা। তারা জানান, এ পর্যন্ত ৪৩ সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর জানান, সাক্ষীদের সঠিক ঠিকানায় আদালতের নোটিশ না পৌঁছানোয় তারা আদালতে হাজির হচ্ছে না। এ কারণে সাক্ষ্য গ্রহণের তারিখ বেশ কয়েক বার পিছিয়েছে। তিনি জানান, মামলাটি গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জানান, গত ৮ জুলাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মুরশিদ আলমের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিলো। ওই দিন মামলার গ্রেপ্তারকৃত ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার সাবেক ওসি মল্লিক মো. রুহুল ইসলাম ও সদর থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মিতশ্রী বড়ুয়া আদালতে হাজির না হওয়ায় তাদের সাক্ষ্য নেওয়া হয়নি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৯ অগাস্ট। ২০০৫ সালের ১৭ অগাস্ট গোপালগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়, জজ আদালত, হাসপাতাল, বাজার, বাসষ্ট্যান্ডসহ ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে জেএমবি জঙ্গিরা বোমা হামলা চালায়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার এসআই মো. সিরাজুল হক বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। ওই বছরের ২৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরা হলেন- জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, মো. গিয়াস উদ্দিন, মো. মিলন খান, মো. বোরহান উদ্দিন মামুন, আনিসুল ইসলাম আনিস, আসাদ ফকির, মো. হাসান আলী মোল্লা, মো. জিল্লুর রহমান মোল্লা ও মো. আবু তালেব। গ্রেপ্তার হওয়ার পর আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলামের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০০৭ সালের ১ সেপ্টেম্বর আদালতে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। এতে জিয়াউর রহমান ওরফে ছাব্বির ও রাকিব হাসানের নাম অর্ন্তভুক্ত করা হয়। আরেকটি মামলায় ফাঁসি হয়ে যাওয়ায় বাদ দেওয়া হয় আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলামকে। আদালত ওই বছরের ৩০ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে। গোপালগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, সাক্ষীদের হাজির করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই মামলা নিম্পত্তি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.