শরীয়তপুর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বিবদমান পক্ষগুলোর বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
শনিবার শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে পরদিন সকাল থেকে এই ধর্মঘট ডাকে জেলা বাস শ্রমিক ইউনিয়ন।
শরীয়তপুর সদর থানা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোতোয়াল বলেন, ধর্মঘট নিরসনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, বাস মালিক সমিতি, বাস শ্রমিক ইউনিয়নের নেতা, ছাত্র প্রতিনিধি ও শরীয়তপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ আলোচনায় বসে।
দুই ঘণ্টা আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
তিনি জানান, সভায় শিক্ষার্থী ও শ্রমিকদের একে অপরের প্রতি সহনশীল আচরণ করা এবং প্রতিটি কলেজের সামনে পাঁচ মিনিট করে বাস থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম শহিদুর রহমান, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আলী হোসেন, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এলিম পাহাড় প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24