২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন: ওয়ার্ড সীমানা নিয়ে হাইকোর্টের রুল

সমান জনসংখ্যার ভিত্তিতে ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে কেন ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমান জনসংখ্যার ভিত্তিতে ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে কেন ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দ আফসার জাহানের বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়। আদেশে ২০০৯ সালের সিটি করপোরেশন আইন অনুযায়ী সমান জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে ডিসিসি নির্বাচন কেন অনুষ্ঠিত হবে না তা জানাতে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র ও ঢাকার জেলা প্রশাসককে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত। ডিসিসি ১৭ নং ওয়ার্ডের খিলক্ষেতের বাসিন্দা শাহীনুর আলম ও ওমর আলীর রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের ৯০টি ওয়ার্ডের সর্বশেষ সীমানা নির্ধারণ করা হয় ১৯৯৩ সালে। সর্বশেষ আদমশুমারী হয় ২০০১ সালে। কিন্তু বর্তমানে ওয়ার্ডগুলোর ভোটার ও জনসংখ্যার ব্যবধান অনেক বেশি। কোনো ওয়ার্ডের ভোটার ১০ হাজার। আবার কোনো ওয়ার্ডের ভোটার এক লাখেরও বেশি। আবেদনে বলা হয়, পল্লবীর ৬ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৯৬। অন্যদিকে ৭৩ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা মাত্র ১০ হাজার ছয়শ ৯৫। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/পিডি/২১২০ ঘ.