২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জেলায় ৫ খুন, এক লাশ

খুলনায় এক শিশুসহ ছয় জেলায় সোমবার ও রোববার রাতে পাঁচজন খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় এক শিশুসহ ছয় জেলায় সোমবার ও রোববার রাতে পাঁচজন খুন হয়েছে। এছাড়া খুলনার ফুলতলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। মেহেরপুরে খুন হয়েছে এক চরমপন্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: সোনাডাঙ্গা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, নগরীর হাজী তমিজ উদ্দিন সড়কে কাজল (৩) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কি কারণে কে বা কারা হত্যা করেছে তা এখনও নিশ্চিত করতে পারেননি ওসি। নেত্রকোনা: নেত্রকোনা শহরের সাতপাই চক্ষু হাসপাতাল সড়কের বাসিন্দা অঞ্জন দেবনাথকে (১৯) হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে পুলিশ সাতপাই রামকৃষ্ণ মিশনের পাশের বিল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। নেত্রকোনা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ-আল মামুন বলেন, অঞ্জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সাতক্ষীরা: রোববার রাতে দেবহাটা উপজেলার কুলিয়া মৎস্য বাজার সংলগ্ন পুঁটে মোল্লার বাঁশ বাগান থেকে পরিতোষ সরকার (২৮) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার কুলিয়া গ্রামের বিষ্টুপদ সরকারের ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের আব্দুল গফফার সরদারের ছেলে রফিকুল ইসলামকে সোমবার সকালে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে নিহত পরিতোষের মা কালোশশী বাদি হয়ে চারজনকে আসামি করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা করেছেন। রফিক ছাড়া বাকি আসামিরা হলেন- একই গ্রামের আব্দুর রাজ্জাক, মাদায় চন্দ্র দাস ও বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমান। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারি জানান, ১৩ অগাস্ট থেকে পরিতোষ নিখোঁজ ছিলেন। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে হামলায় আব্দুল কাইয়ুম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার প্রতিপক্ষের হামলায় আহত হন কাইয়ুম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি ফারুক আহমেদ খান জানান, খুনের ঘটনাটি শুনেছেন। এখন পর্যন্ত চুনারুঘাটে লাশ না আসায় আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্প এলাকার ইসলামপুর আদর্শ গ্রামে নেশার টাকা চেয়ে না পাওয়ায় মাফিয়া নামের এক গৃহবধূকে পিটিয়ে তার মুখে কীটনাশক ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এই ঘটনার পর থেকেই স্বামী মোজাম্মেল ও তার পরিবার পলাতক রয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত মাফিয়ার বাবা সামসুল হক অভিযোগ করেন, জুয়া ও নেশার টাকার জন্য মোজাম্মেল তার মেয়ে মাফিয়াকে হত্যা করেছে। সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী বলেন, ঘটনাটি মর্মান্তিক। মোজাম্মেলকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। খাগড়াছড়ি: জেলা সদরের নিউজিল্যান্ড সড়ক এলাকার একটি ধানক্ষেত থেকে সোমবার সকালে মো. সেকান্দার (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পেশায় রিকশাচালক সেকান্দার কলেজ গেইট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। খাগড়াছড়ি সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সেকান্দারকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুপুর ২টার দিকে মো. হাসান (২২) ও মো. মুকুল আলী (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট আবু কালাম সিদ্দিক জানান, পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.