মাদারীপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে সোমবার দুপুর দেড়টার দিকে নতুন চ্যানেল দিয়ে ফেরি চালু হয়েছে।
নাব্যতা সঙ্কটের কারণে সকালে ডুবোচরে একটি ফেরি আটকে যাওয়ায় সকাল ৮ টার দিকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে উভয় পাশে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।
বিআইডব্লিউটিসি'র মাওয়া জোনের এজিএম মো. আশিকুজ্জামান বলেন, "ডুবোচরের কারণে আগের সবকটি চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় কাউলিয়ার চর নামের একটি নতুন চ্যানেল চালু করে ফেরি চলাচল শুরু করা হয়েছে।"
তিনি বলেন, "নতুন চ্যানেলে ২০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে ফেরি যাতায়াত করতে হবে। এতে ১ ঘন্টা বেশি সময় লাগবে। আর যেভাবে দ্রুত পদ্মার পানি কমতে শুরু করেছে তাতে যে কোন সময় কাউলিয়ার চর চ্যানেলটিও বন্ধ হয়ে যেতে পারে।"
তিনি আরো বলেন, "গত মাসে বন্ধ হয়ে যাওয়া হাজরা চ্যানেলটি ও সদ্য বন্ধ করে দেওয়া নাওডোবা চ্যানেলটি ড্রেজিং না করা পর্যন্ত চালু করা সম্ভব হবে না।"
আশিকুজ্জামান বলেন, "রো রো ফেরি ভাষা শহীদ বরকত রোববার রাত ৮ টার দিকে নাওডোবা চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে। ফলে রাত ১১ টার দিকে এই রুটে সকল ফেরি বন্ধ করে দেওয়া হয়। রাত ৩ টার দিকে বরকত উদ্ধার হওয়ার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়।"
আশিকুজ্জামান জানান, সোমবার সকাল ৮ টার দিকে নাওডোবা চ্যানেলে ফ্লাট ফেরি রানীগঞ্জ ডুবোচরে আটকা পড়ে। এর ফলে সকাল ৮ টায় এই রুটে সকল ফেরি আবারও বন্ধ করে দেওয়া হয়।
পা"ঁচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো.আসাদুল ইসলাম বলেন, "ফেরি চলাচল দুই দফায় বন্ধ হওয়ার কারণে ঘাটের উভয় পাড়ে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে। ঘাট এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬২৫ ঘ.
bdnews24