২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালি

কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৪তম জন্মবার্ষিকী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত (১৫০ তম) জম্মবার্ষিকী উপলক্ষ্যে 'ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালি'র আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৪তম জন্মবার্ষিকী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত (১৫০ তম) জম্মবার্ষিকী উপলক্ষ্যে 'ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালি'র আয়োজন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় (বাংলাদেশ সময়) কলকাতার যাদবপুর হাসপাতালের সামনে থেকে বাংলাদেশ অভিমুখে এ র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সুকান্তের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য। 'মানবিক মূল্যবোধের সংস্কৃতিপ্রেমী নতুন প্রজন্ম গড়ে তোলো'- এ স্লোগানে আট দিনব্যাপি এ র‌্যালি ধারাবাহিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে আগামী ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কবি সুকান্তের স্মৃতি রক্ষার্থে গঠিত সুকান্ত সংসদের আহ্বায়ক আনোয়ারুল করিম রাজু এ কথা জানান। আনোয়ারুল করিম বলেন, "দুই বাংলার সাংস্কৃতিক সেতু বন্ধন আরো দৃঢ় করতে এ র‌্যালি'র আয়োজন করা হয়েছে।" তিনি বলেন, "সকালে কলকাতা থেকে র‌্যালিটি শুরু হয়েছে। ধারাবাহিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে র‌্যালিটি আগামী ২৩ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হবে।" সমাপনী অনুষ্ঠানে সংসদ সদস্য রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট লেখক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালসহ দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী উপস্থিত থাকবেন। এর আগে আগামী ১৮ অগাস্ট বেনাপোল বন্দর দিয়ে র‌্যালিটি বাংলাদেশের সীমানায় প্রবেশ করবে বলে জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গের শিশু-কিশোর সংগঠন 'কিশোর বাহিনী' এবং বাংলাদেশের সুকান্ত সংসদ যৌথভাবে এ র‌্যালির আয়োজন করছে বলে জানান আনোয়ারুল করিম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোর বাহিনীর সংগঠকমণ্ডলীর সদস্য রক্তিম দাশ, সুকান্ত সংসদের যুগ্ম-আহ্বায়রক সঞ্জীব রায় প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৫৫০ ঘ.