ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কপোরেশনের (ডিসিসি) আত্মহত্যার চেষ্টাকারী কর্মকর্তা শহিদুর রহমান মারা গেছেন।
গুলশান জোনের পুলিশের সহকারি কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
নূরুল আলম জানান, শহিদুর রহমান (৫৩) সোমবার ভোরে বনানীর নিজ বাসায় তার বৈধ অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালান।
তাকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
নূরুল আলম আরও জানান, শহিদুর রহমান বনানীর নগর নিবাসের ২১/২ নম্বর ভবনের 'সি' নম্বর ফ্লাটে পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন।
সোমবার ভোররাতে সেহরির পর তিনি ড্রইং রুমে জায়নামাজে বসে নিজের লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করেন। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
নূরুল আলম জানান, শহিদুর রহমান ডিসিসির টার্মিনাল ম্যানেজার ছিলেন। প্রায় এক বছর আগে তাকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। গত মার্চ মাসে তার স্ট্রোক হয়। এরপর তার এক হাত এক পা অবশ হয়ে যায়।
ওএসডি করার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
শহিদুর রহমানের অস্ত্রটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৫৪১ ঘ.
bdnews24